
কক্সবাজারের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মো. শহিদুল (১৯) নামে এক এফডিএমএন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৩১/২-আর থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মন্ডলপাড়া এলাকায় সন্দেহজনক গতিবিধির ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় এফডিএমএন ক্যাম্প-৭-এর ব্লক-বি/২-এর বাসিন্দা মো. শহিদুলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের পর উদ্ধার করা ইয়াবাসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজিবি অধিনায়ক আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান নির্মূলে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।