
কক্সবাজারের টেকনাফে র্যাবের চেকপোস্টে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ও দুটি মোবাইল ফোন জব্দ করে র্যাব-১৫।গ্রেপ্তাররা হলেন—টেকনাফের সাবরাং ইউনিয়নের নতুনপাড়া এলাকার জাফর আলম (৫৫) এবং করাচিপাড়া এলাকার মো. তারেক (১৯)।র্যাব-১৫ জানায়, গত ২৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে র্যাব-১৫ সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল নিয়মিত টহলকালে টেকনাফ-কক্সবাজার সড়কে টেকনাফ ক্যাম্পের প্রধান ফটকের সামনে চেকপোস্ট স্থাপন করে। এ সময় সন্দেহজনক একটি পিকআপ ভ্যানকে থামিয়ে তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে পিকআপের চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা জাফর আলম ও মো. তারেককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে উদ্ধারকৃত ইয়াবা, পিকআপ ও অন্যান্য আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব-১৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।