ভোলার লালমোহনে ২৭টি সয়াবিন তেলের ড্রামসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে পুলিশ। তবে ড্রামগুলোতে তেল রয়েছে কি না এবং তেলের উৎস সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভোলা-চরফ্যাশন সড়কের ফায়ার সার্ভিস এলাকার খান সাহেব রোডে কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে লালমোহন থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কাভার্ড ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
জব্দ করা কাভার্ড ভ্যানটির নম্বর ঢাকা মেট্রো-ন-১৯-৫৬৪৬। এতে ২৭টি তেলের ড্রাম রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ধারণা, ড্রামগুলোতে চোরাই তেল থাকতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
লালমোহন থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ আলম জানান, কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে গেছে। গাড়ির ভেতরে ২৭টি তেলের ড্রাম পাওয়া গেছে। ড্রামগুলো খালি নাকি ভর্তি, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাড়িটি কোথা থেকে এসেছে, কোথায় যাওয়ার কথা ছিল এবং এতে কী পরিমাণ তেল রয়েছে—এসব বিষয় তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, অভিযান ও তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।