টেকনাফে লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে মাদকাসক্ত অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি আইন অমান্যের অভিযোগে চার বাঙালি ও এক রোহিঙ্গাসহ পাঁচজনকে আটক করে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ আগস্ট) লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৪-এর এ/১৩ ব্লকে এ ঘটনা ঘটে।
পরে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে আটক ব্যক্তিদের ক্যাম্প-২৪-এর সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারা ভঙ্গের দায়ে রোহিঙ্গা আব্দুর রহমানকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই অভিযোগে বাদশাহ মিয়া, মো. নজরুল ইসলাম ও নুরুল ইসলামকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া সরকারি আইন অমান্যের অভিযোগে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারা ভঙ্গের দায়ে মো. আরিফকে এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাজাপ্রাপ্ত বাদশাহ মিয়া (৩০), মো. নজরুল ইসলাম (২৭), নুরুল ইসলাম (২২) ও মো. আরিফ (২৬) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার বাসিন্দা। অপর সাজাপ্রাপ্ত রোহিঙ্গা আব্দুর রহমান (১৯) লেদা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৪-এর বাসিন্দা।
ঘটনার পর ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।